সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে গতকাল সোমবার দুপুরে আলফাজ উদ্দীন (৫৫) নামের একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আলফাজ কাপাসহাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও দারিয়াপুর গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির শ্যালক সবুজ হোসেন বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে গতকাল বেলা দুইটার দিকে আলফাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা তাঁর ভাগনেদের কথা-কাটাকাটি হয়। তিনি ভাগনেদের তিরস্কার করেন। একপর্যায়ে সাইদুল, হাবিবুর ও জাহিদসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হন। ভাগনেরা তাঁকে এলোপাতাড়ি কোপান। ঘাড়ে কোপ লাগায় তিনি গুরুতর জখম হন। উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রেজিনা খাতুন তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাধা দিতে গিয়ে সোলাইমান হোসেন ও শফিউদ্দীন নামের দুজন আহত হয়েছেন। তাঁদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক রেজিনা খাতুন জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে আলফাজের মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পলাতক থাকায় এ ব্যাপারে সাইদুল, হাবিবুর ও জাহিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।