মেহেরপুরে হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সর্দার খাদেমুল (২৮)।

পুলিশ জানায়, খাদেমুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। কয়েকটি হত্যা মামলার আসামি তিনি। ডাকাত দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে খাদেমুল নিহত হন।

পুলিশ বলছে, আজ বুধবার ভোররাত চারটার দিকে মেহেরপুর–চুয়াডাঙ্গা সড়কে ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ খাদেমুলের লাশ উদ্ধার করা হয়। সেখানে একটি ওয়ান শুটারগান, তিনটি হাতবোমা ও দেশীয় অস্ত্র পড়ে ছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খাদেমুল মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে একাধিক ডাকাতি, এক রংমিস্ত্রিকে গুলি করাসহ কয়েকটি হত্যা মামলার আসামি।