
>• পুলিশের বিশেষ অভিযানের পেছনে রাজনীতি দেখছে বিএনপি
• ভয় দেখানোর অভিযোগ সত্য নয়: পুলিশ
• আ. লীগ বলছে, পরাজয়ের আশঙ্কায় বিএনপি সরে দাঁড়ানোর পথ খুঁজছে
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আর বাকি ১১ দিন। এরই মধ্যে পুলিশের ধরপাকড় নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির প্রার্থী গতকাল বৃহস্পতিবার হঠাৎ নির্বাচনী প্রচারণা স্থগিত করে দেন। পরে দুপুরে অবশ্য আবার প্রচার শুরু করেন। পুলিশের এই বিশেষ অভিযানের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।
বিএনপির নেতাদের অভিযোগ, গত বুধবার রাত আটটা থেকে গতকাল ভোর পাঁচটা পর্যন্ত নগরজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জড়িত বিভিন্ন পর্যায়ের ২১ নেতা-কর্মীসহ কয়েক দিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।
এর প্রতিবাদে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গতকাল সকাল নয়টা থেকে তাঁর নির্বাচনী প্রচারণা সাময়িক স্থগিত করেন। পরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে নিজের ঘোষণা প্রত্যাহার করে আবার প্রচারে নামেন। তিনি বলেন, ধরপাকড়ের কারণে তাঁর দলীয় নেতা-কর্মীরা কাজ করতে পারছেন না। পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করছে। শত অত্যাচার-নির্যাতনের পরও বিএনপি ১৫ মের সিটি নির্বাচন থেকে সরে যাবে না।
নগরীর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বলেন, এই শহরের জনগণ বিএনপির পাশে আছে। আর সরকারি দলের পাশে রয়েছে পুলিশ-সন্ত্রাসী ও কালোটাকা। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে প্রচুর অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তফসিল ঘোষণার পর সবকিছু পরিচালনা হয় নির্বাচন কমিশনের অধীনে। অথচ এখানে তা হচ্ছে না। এই সিটি করপোরেশন নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে না।’
গণসংযোগে হামলার অভিযোগ
নগরের খালিশপুর আলমনগর বাজারে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম বলেন, বিকেল পাঁচটায় মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষ করে আলমনগরের ১৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের বস্তিতে প্রচারপত্র বিলি করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। হঠাৎ করে সন্ধ্যা সাতটার দিকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি নাজমুল আলমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ছাত্রদলের কর্মী আলামিন তালুকদার, যুবদলের কর্মী আবদুস সামাদসহ সাত নেতা-কর্মী আহত হন। তবে খালিশপুর থানা আওয়ামী লীগের সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘বিএনপির লোকজনই আমাদের এক কর্মীর হাত ভেঙে দিয়েছেন।’
ভয় দেখানোর অভিযোগ সত্য নয়: পুলিশ
ধরপাকড়ের বিষয়ে জানতে চাইলে খুলনা নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এম কামরুল ইসলাম বলেন, নগর ডিবি থেকে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সোনালী সেন বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে বিএনপির পদধারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা আছে।
নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ধরপাকড় নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে। ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বিঘ্নিত হবে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ থাকে, কেউ যদি সত্যিকার অর্থে অপরাধী হন, তাঁকে আইনের আওতায় আনা গ্রহণযোগ্য। কিন্তু নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কারণে যদি এটা করা হয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা নির্বাচনী পরিবেশকে অবশ্যই প্রভাবিত করবে এবং ভয়ভীতি ও আতঙ্ক ছড়াবে। দ্রুততার সঙ্গে এর অবসান হওয়া দরকার।
বিএনপির প্রার্থী ঘোষণা দেন, নির্বাচনী কাজে বাধা ও অভিযানের প্রতিবাদে কঠোর কর্মসূচি পালন করবে বিএনপি। ৬ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আসবেন। তিনি আসার আগে এসব কার্যক্রম বন্ধ না করা হলে তাঁর সঙ্গে বিএনপির বৈঠক বর্জন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২০-দলীয় জোটের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা জেলা সভাপতি শফিকুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহারুজ্জামান মোর্তজা এবং ২০ দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
গতকাল বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে আবারও লিখিত অভিযোগ করেছে বিএনপি। এতে বলা হয়, নেতা-কর্মীদের গ্রেপ্তার-হুমকি বন্ধ করে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।
নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের ধরপাকড় নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ থাকবে কি না, তা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ আছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) খুলনার সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির প্রথম আলোকে বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচনের সময় পুলিশের নিয়মিত অভিযান চলতে কোনো বাধা নেই। কোনো সন্ত্রাসী, অপরাধী বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পুলিশ ধরতেই পারে। তবে দেখতে হবে কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে কি না। বিএনপির অভিযোগ পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারকে তাঁরা অবহিত করেছেন বলে জানান।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
গতকাল বেলা ২টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের নির্বাচন সমন্বয়কারী কেন্দ্রীয় নেতা এস এম কামাল এ সময় বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির মেয়র প্রার্থী বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করছেন।
গ্রেপ্তারকৃত কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব মোল্লা। তাঁর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। খুলনা সিএসডি গুমাদের চাল আত্মসাতকারী জুলফিকার আলী ভুট্টো পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়েছেন। অন্যদের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী থাকে, তাহলে তাকেও গ্রেপ্তার করা হোক। তিনি বলেন, বিএনপি প্রার্থী খুলনার মানুষের সহনুভূতি পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। সব দায়দায়িত্ব আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনার রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-মহানগর নেতা-কর্মীরা।