ঢাকার মতিঝিল এলাকা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মতিঝিলের এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ও মতিঝিল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওই যুবকের নাম মহিবুল্লাহ ওরফে বাবু (২২)। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিশু বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এরপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
মহিবুল্লাহর চাচা এম এ হোসেন জানান, ‘মহিবুল্লাহ এনসিসি ব্যাংকে থার্ড-পার্টি হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন আগে বিএসসি পাশ করেন। ব্যাংক ছুটির দিনে এ ঘটনাটি ঘটেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রেমঘটিত বিষয় থেকে এটি ঘটতে পারে।’
পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।