একাদশ শ্রেণি ভর্তিতে প্রথম দিনে আবেদন ৩১২৫৯

২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম দিনে আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত ৩১ হাজার ২৫৯ জন আবেদন করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর আবেদনকারীর এ তথ্য জানান।

আন্তশিক্ষা বোর্ডের অধীনে এবারও ভর্তির এই কাজে সহযোগিতা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ঢাকা বোর্ডে আনুষ্ঠানিকভাবে আবেদনের কাজ শুরু হয় রোববার। ২৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হচ্ছে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। আর টেলিটকের মাধ্যমে এসএমএস করেও আবেদন করা যাচ্ছে।

অনলাইনে ১৫০ টাকা দিয়ে কমপক্ষে ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। তবে এসএমএসের মাধ্যমে আবেদন করলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতি ১২০ টাকা ফি দিতে হবে। এরপর শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে দেওয়া হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো পরীক্ষা হবে না।

নীতিমালা অনুযায়ী, পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এবার শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২১ জুন। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৪ জুন এবং ফল প্রকাশ হবে ২৫ জুন। প্রতিষ্ঠান পরিবর্তনসহ (মাইগ্রেশন) অন্যান্য কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ হবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।