শ্রীমঙ্গলে ইয়াবা সেবনের সময় আটক ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে ইয়াবা সেবনের সময় চারজনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাত ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ইয়াবা সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করে। ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনের প্রত্যেককে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ওয়াসিম মিয়া (২৫), জুনায়েদ আহমেদ (২৫), আতাউর রহমান (৩৭) ও আফসার আহমেদ (৩৫)। তাঁরা সবাই উপজেলার লামুয়া গ্রামের বাসিন্দা।
ইউএনও মোবাশশেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।