সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী 'বন্দুকযুদ্ধে' নিহত
ঢাকার ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় আতাউর রহমান ওরফে আতা নামের এক ব্যক্তি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব-৪–এর সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন আতা। র্যাবের দাবি, আতা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্য, মাদকবিরোধী অভিযান চলায় আতা সাভার থেকে পালিয়ে ভাষানটেক এলাকায় অবস্থান নেন। র্যাব-৪ গতকাল তিনটার দিকে অভিযান চালায়। তিন ঘণ্টা গোলাগুলি চলে। একপর্যায়ে আতা আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৪–এর অপারেশন অফিসার এএসপি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ইয়াবার পরিমাণ ১৮ থেকে ২০ হাজার হবে। আতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ২০টির মতো মামলা রয়েছে।