মা কেনাকাটায় ব্যস্ত থাকার সময় অপহৃত হয় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় আড়াই বছরের শিশু নুসরাত জাহান অপহৃত হয়। ফাইল ছবি
শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় আড়াই বছরের শিশু নুসরাত জাহান অপহৃত হয়। ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজরে ঈদের কেনাকাটা করার সময় অপহৃত শিশু নুসরাত জাহান ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এর আগে শনিবার বেলা একটার দিকে রানীগঞ্জ বাজারের সাজু গার্মেন্টস নামে এক শোরুম থেকে শিশুটি অপহৃত হয়। এ ঘটনায় নুসরাতের মা নাহিদা আক্তার ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছরের একমাত্র সন্তান নুসরাত জাহানকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হন মা নাহিদা আক্তার। সঙ্গে ছিলেন নাহিদার মা এবং তাঁর বড় ভাইয়ের স্ত্রী। একপর্যায়ে শিশু নুসরাতকে রেখে মা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। সুযোগ বুঝে অনেক আগে থেকে পিছু নেওয়া এক নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন মেয়েটির মা-বাবা।

নুসরাতের বাবা আখিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার দুপুরে নুসরাতকে নিয়ে তাঁর স্ত্রী নাহিদা আক্তার, শাশুড়ি ও এক ভাইয়ের স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে রানীগঞ্জ বাজারে যান। বাজারের সাজু গার্মেন্টেসে কেনাকাটা করছিলেন তাঁরা। নাহিদা তাঁর মেয়েকে হাত ধরেই ছিলেন। প্রচণ্ড গরমে কষ্ট পাওয়ায় নাহিদাকে মেয়ের হাত ছেড়ে দিতে বলেন এক নারী। এতে কর্ণপাত করেননি নাহিদা। পরে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে অবচেতন মনেই মেয়ের হাত ছেড়ে দেন তিনি। এ সময় অজ্ঞাতপরিচয় ওই নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। সেই দৃশ্য সেখানকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। নুসরাতের গায়ে মিষ্টি রঙের জামা ছিল। মাথায় ছিল দুটি কালো রঙের ক্লিপ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় শিশু নুসরাত জাহানকে নিয়ে এই অজ্ঞাতপরিচয় নারীকে সটকে পড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় শিশু নুসরাত জাহানকে নিয়ে এই অজ্ঞাতপরিচয় নারীকে সটকে পড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, সাজু গার্মেন্টসে যাওয়ার পর অপহরণকারী ওই নারী শিশুটির হাত ধরার চেষ্টা করলে শিশুটি হাত ঝটকা দেয়। একপর্যায়ে শিশুটির মা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।

ওসি আমিরুল ইসলাম বলেন, ওই ঘটনার পর বাংলাদেশের সব পুলিশ স্টেশন, বিমানবন্দর, ইমিগ্রেশনে অপহৃত শিশু এবং অপহরণকারী নারীর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ একটি দল শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারে কাজ করছে।