জোর করে বুথে ঢুকে ২০ যুবকের নৌকার পক্ষে সিল

গাজীপুরের জয়দেবপুরে ২৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২০ থেকে ৩০ জন যুবক জোর করে ব্যালট পেপার ছিনতাই করে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটায় সেখানে আধঘণ্টার মতো ভোট নেওয়া বন্ধ ছিল।
ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এখলাসুর রহমান বলেন, ২০ থেকে ৩০ জন যুবক অতর্কিতে কেন্দ্রের তিনতলার একটি বুথে ঢুকে তাঁর কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেন। এরপর দ্রুত নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভর্তি করেন। কোনোভাবেই নিবৃত্ত করা যায়নি। এ ঘটনার পর আধঘণ্টার মতো ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। ঘটনাটি প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়।
২৬ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৯০৪।
জোর করে ব্যালটবাক্স ভর্তির বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ভোট চালু রাখতে বলেছেন। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।