বাসযোগ্য ও পরিচ্ছন্ন সিলেট গড়তে আবু জাফরের ২১ দফা ইশতেহার

বাসযোগ্য ও পরিচ্ছন্ন সিলেট নগর গড়ে তুলতে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী মো. আবু জাফর।
এতে তিনি নির্বাচিত হলে ‘লুটপাট-দুর্নীতি ও অধিকারহীনতার’ নগরকে বাসযোগ্য সমৃদ্ধ নগরে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটায় নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা দেন।
ইশতেহারে মো. আবু জাফর বলেন, সিটি করপোরেশনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বিশিষ্ট নাগরিক আইনজীবী, শিক্ষক, চিকিৎসক সাংবাদিক, যুব ও নারী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে নগর কাউন্সিলর গঠন করা হবে। এ ছাড়া যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে হকারদের পুনর্বাসন, সড়কে যত্রতত্র পার্কিং রোধ করতে পার্কিং জোন, অত্যাধুনিক ট্রাফিক-ব্যবস্থা গড়ে তোলা, সড়ক বিভাজক স্থাপন করা হবে।
নগরে গণপরিবহন চালু করা, যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করতে চান আবু জাফর। তিনি নগরের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা প্রদানের জন্য ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করার প্রতিশ্রুতি দেন। বিশুদ্ধ পানির সংকট দূর করতে আধুনিক শোধনাগার নির্মাণ এবং সেই সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করে পানির সংকট সমাধান করারও আশ্বাস দেন।
আবু জাফর বলেন, আধুনিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। যার মাধ্যমে সার ও বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করে বর্জ্যকে সম্পদে পরিণত করা। পানিনিষ্কাশনের জন্য ছড়া-খাল খনন, নর্দমা ও খালে ময়লা-আবর্জনা না ফেলতে জনসচেতনতা তৈরি করা হবে। বেকার সমস্যা দূর করতে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল গঠন করা এবং সরকারি-বেসরকারি উদ্যোগে কল-কারখানা গড়ে তোলার জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে।
নির্বাচিত হলে গ্যাস-সংযোগ চালুর জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনাক্রমে জনগণের সংকট মোকাবিলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছেন আবু জাফর। সিলেট নগরের মণিপুরী সম্প্রদায়সহ কয়েকটি ক্ষুদ্র ও আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য কৃষ্টি, সংস্কৃতি রক্ষা ও বিকাশে সিটি করপোরেশনের পক্ষ থেকে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহার পাঠের সময় আবু জাফরের পাশে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম, সিপিবি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাসদ জেলার সদস্য নেতা জুবায়ের আহমদ, আবু জাফরের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা বীরেন্দ্র চন্দ্র দেব।