নোয়াখালীতে গুজব ছড়ানোর অভিযোগে স্কুলশিক্ষকসহ আটক ২

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলন নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে স্কুলশিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফিরোজ আলম। তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ বলছে, আটক এই দুই ব্যক্তির কাছে থেকে একটি করে মোট দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। দুটো ফোনেই এ আন্দোলন নিয়ে ফেসবুকে বিভিন্ন জনের করা বিভ্রান্তিকর পোস্টে শেয়ার ও মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, স্কুলশিক্ষক কামাল উদ্দিন তাঁর ‘কামাল খান’ ফেসবুক আইডির মাধ্যমে শিক্ষার্থীদের করা এ আন্দোলন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে গুজব ছড়ান। তাঁর ব্যবহৃত মুঠোফোনে ফেসবুক আইডি পরীক্ষা করে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরোজ আলমকে আটক করা হয়। আটকের পর প্রাথমিকভাবে তাঁর স্মার্টফোন জব্দ করা হয়। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের এ আন্দোলন উসকে দেওয়া-সংক্রান্ত বিভিন্ন পোস্ট শেয়ার ও মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে।

উভয় থানা সূত্রে জানা গেছে, আটক এই দুই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। কাল বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।