ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে মোবারক হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও ডাকাত ছিলেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে।

ময়মনসিংহের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ময়মনসিংহের ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোবারকের বাড়িতে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। ডিবি পরিদর্শকের নেতৃত্বে দুটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ২৫০ গ্রাম হেরোইন, পিস্তল ও চারটি গুলিসহ মোবারককে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর কাছে আরও অস্ত্র থাকার কথা স্বীকার করেন। সে অস্ত্র উদ্ধারে রাত ১২টার দিকে মোবারককে নিয়ে ভালুকা থানার নয়নপুর এলাকায় যায় পুলিশ। এ সময় মোবারকের সহযোগী অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় মোবারক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা চালালে গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল বলেন, মোবারক মাদক ব্যবসায়ী ও ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।