আচরণবিধি লঙ্ঘন কাজী নাবিলের অনুসারীদের

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরে যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদের অনুসারীরা আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল মিছিল করেছেন। গতকাল রোববার দুপুরে নেতা–কর্মীরা যশোর শহরের বিভিন্ন সড়কে এ মিছিল ও মিষ্টিমুখ করেন।

নাবিল আহমেদ আওয়ামী লীগের বর্তমান সাংসদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার খবরে উচ্ছ্বসিত নেতা–কর্মীরা বিজয় মিছিল বের করেন। সকালে তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতা–কর্মীরা তাঁর শহরের কাজীপাড়ার বাসভবনে জড়ো হয়ে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেন।

দুপুরে কাজী নাবিল আহমেদের বাসভবন থেকে নেতা–কর্মীরা বেশকিছু মোটরসাইকেল নিয়ে শহরে মিছিল বের করেন। ভুভুজেলা বাজিয়ে তাঁরা আনন্দ প্রকাশ করতে থাকেন। এ ছাড়া কয়েক শ নেতা–কর্মী শহরে আনন্দ মিছিল বের করেন।

মিছিলে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুখেন মজুমদার।

মোটরসাইকেল মিছিল করা আচরণবিধির লঙ্ঘন কি না, জানতে চাইলে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, ‘এগুলো আমরা করিনি; কর্মীরা স্বতঃস্ফূর্ততার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’

জানতে চাইলে যশোর জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে এ ধরনের মোটরসাইকেল শোডাউন বা মিছিল-মিটিং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যেই পড়ে।’