সাড়ে তিন ঘণ্টা আটকা ছিল পারাবত ট্রেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আটকা থাকার সাড়ে তিন ঘণ্টা পর আজ সোমবার বেলা আড়াইটার দিকে চলাচল শুরু করে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন। বেলা পৌনে ১১টার দিকে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি সেখানে আটকা পড়ে।
আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছায়। এরপর দেখা যায় ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গেছে। একটি সহায়ক ইঞ্জিন নিয়ে ত্রুটিযুক্ত ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নেওয়া হয়। সেখানে ইঞ্জিন মেরামত করে আবার শ্রীমঙ্গল স্টেশনে ফিরলে দুপুর ২টা ২০ মিনিটে শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন পারাবত ট্রেনের স্বাভাবিক চলাচলের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।