কেমিক্যাল কারখানায় বয়লার বিস্ফোরণ, অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের পুবাইলের করমতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানায় ইউটিলিটি ভবনে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়। আগুনে ওই ভবনে থাকা বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে।
টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের ১৫-২০ মিনিট পর ওই কারখানায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আকাশের দিকে অগ্নিকাণ্ডের লেলিহান শিখা দেখে আশপাশের বাসার লোকজন আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে দূরে চলে যান। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। এ সময় পলাশের টঙ্গী-কালীগঞ্জ সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই কারখানার ইউটিলিটি (একতলা) ভবনের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ আহত বা নিহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন।