জেলা প্রশাসক যখন শিক্ষকের ভূমিকায়
নেত্রকোনার মদনে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস (পাঠদান) নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অন্তত দুই ঘণ্টা পড়ান তিনি।
প্রত্যন্ত অঞ্চলের ওই স্কুলটিতে প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৪৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানে আছেন আটজন শিক্ষক।
মঈনউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার মান ফিরিয়ে আনতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন তিনটি বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১০টি উপজেলায় আমাদের ইউএনওদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তা করবেন।’
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাহিদা আক্তার, রিতা আক্তার, মোহন মিয়াসহ অনেকেই বলে, ‘স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তিনি আনন্দসহকারে পড়িয়েছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম। স্যার বলেছেন, আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ পরিবার ও দেশের সম্পদ। সততা ও নিষ্ঠা আমাদের সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। স্যারের কথায় আমরা অনুপ্রাণিত হয়েছি।’ তাদের মধ্যে রিতা আরও বলে, ‘ডিসি স্যার বলেছেন, আমরা যেমন আমাদের বাবা-মাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, তাঁদের প্রতি দায়িত্ব পালন করি, একইভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে। আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব হবে।’
ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে অভিভাবক মদিনা আক্তার বলেন, ‘জেলা প্রশাসক ও তাঁর কর্মকর্তারা মাঝেমধ্যে পড়ালে বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল হক বলেন, ‘এ রকম উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষকদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে।’
কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা সুলতানা বলেন, ‘ডিসি স্যারের ক্লাসে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে। স্যার এই দুই ঘণ্টা সময় বাচ্চাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন। শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
ক্লাস শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সংক্ষিপ্ত সভা করেন। পরে দুপুরে তিনি ওই অঞ্চলের বেশ কয়েকটি ফসল রক্ষার বাঁধে মাটি কাটার কাজ পরিদর্শন করে বিকেলে মদন উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান।