ইয়াবা সেবনের দায়ে যুবক কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও তিন হাজার টাকা দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডাদেশ পাওয়া যুবকের নাম আলমগীর শেখ (৩০)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের বাসিন্দা। আলমগীরের বাবার নাম কালাম শেখ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে চরফরিদপুর এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে আলমগীরকে আটক করে পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বুধবার সকালে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ইউএনও ও নির্বাহী হাকিম মো. মাসুম রেজা তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ও তিন হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও মো. মাসুম রেজা প্রথম আলোকে বলেন, ইয়াবা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৪২ ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।