চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের
চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার একটি বস্তিতে আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকার ভেড়া মার্কেট বস্তিতে আগুন লাগে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে নিহতেরা হলেন, রহিমা আক্তার (৫০), তাঁর মেয়ে নাজমা (১৪), ছেলে মো. জাকির (৯), মেয়ে নাসরিন (৪), আয়েশা আক্তার (৩৭), তাঁর বোনের ছেলে মো. সোহাগ (১৮), হাসিনা আক্তার ও অজ্ঞাত দুইজন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত একজনের লাশ আয়েশা আক্তারের মেয়ের।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আজ রোববার সকাল আটটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।