ডেপুটি হাইকমিশন হচ্ছে চেন্নাইয়ে

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ডেপুটি হাইকমিশন প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বর্তমানে কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের দুটি ডেপুটি হাইকমিশনে এবং গুয়াহাটি ও আগরতলায় দুটি সহকারী হাইকমিশন থাকলেও দক্ষিণ ভারতে কোনো কূটনৈতিক দপ্তর নেই। মোয়াজ্জেম আলী বলেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলো ভারতের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষা ও গবেষণাতেও এগিয়ে ওই অঞ্চল। ২০১৭ সালে বাংলাদেশের ২ লাখ লোক চিকিৎসার জন্য ভারত ভ্রমণ করে, যাদের বেশির ভাগই দক্ষিণ ভারতে গিয়েছে। প্রতিদিন ৩০০-৪০০ বাংলাদেশি রোগী তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসা নিতে যায়। দক্ষিণ ভারতের অন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু রাজ্যের সঙ্গে বাংলাদেশের বিপুল অঙ্কের বাণিজ্যও হয়ে থাকে। এসব কারণে চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন দুই দেশের মধ্যে সম্পর্কের গতি বাড়াবে বলে জানান বাংলাদেশের হাইকমিশনার। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, চেন্নাই