চকবাজারে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাচ্ছে এক লাখ টাকা

চকবাজারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহত লোকজনের মধ্যে ২৫ জন শ্রমিক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কমিটি এ তথ্য দিয়েছে। এ দুর্ঘটনায় ১০ জন শ্রমিক আহত হন বলেও ওই কমিটি জানায়। 

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহত শ্রমিকদের এক লাখ এবং আহত শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

অগ্নি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য চার সদস্যের কমিটি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমঘন এলাকায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নির্দেশে গত শুক্রবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাকির হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন হয়।

কমিটির সদস্যরা ঢাকা মেডিকেলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে শ্রমিকদের পরিচিতি নিশ্চিত হয়ে মন্ত্রণালয় তালিকা পাঠায়।

গতকাল রোববার সন্ধ্যায় শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানকে নিয়ে আহত শ্রমিকদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান। প্রতিমন্ত্রী চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল চিকিৎসাধীন ৭ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকার চেক দেন। অন্য মেডিকেলে চিকিৎসাধীন তিন আহত শ্রমিকের আর্থিক সহায়তার চেক দু-এক দিনের মধ্যে দেওয়া হবে।

নিহত ২৫ জন শ্রমিকের ২২ জনই বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও দোকানের কর্মচারী, দুজন রিকশা ভ্যানের চালক এবং একজন হকার। নিহত ২৫ জন শ্রমিকের আর্থিক সহায়তার চেক দ্রুতই দেওয়া হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানান।