আ.লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজীর পক্ষে সমাবেশ
‘পরিবর্তন চাই’ স্লোগানে নির্বাচন করবেন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুরে আলম সিরাজী। গত শনিবার রাতে সোনাতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ‘পরিবর্তন চাই’ স্লোগানকে নির্বাচনে প্রধান স্লোগান ঘোষণা দিয়ে প্রার্থী হওয়ার কথা এলাকাবাসীকে জানান।
‘সদর উপজেলাবাসী’র ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বি জমির মিয়া। যুবলীগ নেতা কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভায় সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদসহ সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বর্তমান সরকারের সময়ে উন্নয়নের জোয়ারের মধ্যে সিলেট সদর উপজেলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি অভিযোগ তুলে বলেন, নেতৃত্বের কারণে এমন অবস্থা হয়েছে। অনেক ইউনিয়ন পরিষদ উন্নয়ন বরাদ্দ পায়নি শুধু উপজেলা পরিষদ জনপ্রতিনিধির প্রতিহিংসার কারণে। তাঁরা নুরে আলমকে বিজয়ী করে এলাকার পরিবর্তন সূচনা করার আহ্বান জানান।
সদর উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আশফাক আহমদকে এবার দলীয় মনোনয়ন না দিতে আওয়ামী লীগের তৃণমূলের একটি পক্ষ সক্রিয় ছিল। এ পক্ষ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক ও জেলা বারের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরে আলম সিরাজীকে আওয়ামী লীগের প্রার্থী করার পক্ষে ছিল। শেষে দলীয় মনোনয়ন আশফাক আহমদ পাওয়ায় তৃণমূলের ওই অংশের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন নুরে আলম সিরাজী।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরউদ্দিন আহমদ বলেন, ক্ষোভ থেকে নুরে আলমের পক্ষে সক্রিয় হয়েছে স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশসহ এলাকাবাসী।