
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হচ্ছেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান। তিনি গতকাল সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান দলীয় মনোনয়ন পেয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও তৃণমূল আমাকে দলীয় প্রার্থী মনোনীত করেছে। এরপরও কেউ দলের ভেতর বিভক্তি তৈরি করতে প্রার্থী হলে তাঁর বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।’
নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মিজানুর রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রব ভূঁইয়া, সাবেক শ্রম–বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান জলিল ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাৎ, মহিলা নেত্রী রেনু বেগম, আওয়ামী লীগের নেতা দেলোয়ার মিজি, যুবলীগের নেতা ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, আরিফ মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘আমি দলীয়ভাবে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমকে মনোনয়ন দেয়নি। তাই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি প্রার্থী হন, তাঁর ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।