ল্যাপটপের ভেতর ইয়াবা, গ্রেপ্তার ২

অভিনব কায়দায় ল্যাপটপের মনিটরের ভেতরে ইয়াবা বড়ি নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়ক এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মোস্তাকিম ইসলাম ওরফে মো. টিটু (৩৫) ও মো. আমজাদ (৩০)। টিটু ফতুল্লা মডেল থানার জামতলা এলাকার একটি মিষ্টির দোকানের মালিক, আর আমজাদ পেশায় গাড়িচালক। তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকার ইয়াবা ডিলারদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ল্যাপটপের ডিসপ্লের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৭৮৫টি ইয়াবা বড়ি ও অপর ব্যক্তির পকেট থেকে ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।