মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর বাস্তবায়নে ‘বিএনপির কর্মসূচির’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সভা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের দারুল ফজল মার্কেটে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর ছেলে শরফুদ্দিন আহমদ চৌধুরী। সদস্যসচিব মো. কামরুল হুদা পাভেলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মশিউজ্জামান সিদ্দিকী, মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাহেদ মুরাদ, মিজানুর রহমান, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, মো. সাজ্জাদ হোসেন, মো. আশরাফুল হক চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর বাস্তবায়নে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে দিতে তারা কর্মসূচির নামে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শরফুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘৭১ সালে সার্কিট হাউসটি ছিল পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এখান থেকেই দখলদার বাহিনী পুরো চট্টগ্রাম শহর নিয়ন্ত্রণ করত। বিশেষ করে মুক্তিযোদ্ধা, নারী ও মুক্তিকামী মানুষকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হতো। এখানকার একটি গর্তে অসংখ্য মুক্তিযোদ্ধার খুলিও পাওয়া গেছে। এ ছাড়া এখানে রয়েছে অনেক মুক্তিযোদ্ধার গণকবর।’
তিনি বলেন, স্বাধীনতার পর এই সার্কিট হাউসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ একটি চেয়ার ছিল। বঙ্গবন্ধু চট্টগ্রাম আসলে সেই চেয়ারেই বসতেন। এখানে বঙ্গবন্ধুর স্মৃতিমাখা রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পুলক বড়ুয়া, আবদুল কাদের সবুজ, মো. ফিরোজ আলম, হাসান মো. আবু হান্নান, রিপন চৌধুরী, মেজবাহ উদ্দিন, বিবি গুল জান্নাত, মো. শেখ ফরিদ, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।