বইমেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও বিতর্ক প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে বইমেলা। বইপ্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন সেখানে। মেলায় নানা ধরনের আয়োজনও হচ্ছে। গতকাল মঙ্গলবার সেখানে বিতর্ক প্রতিযোগিতা হয়। গত দুই দিন প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা প্রথমা প্রকাশনের বই বিক্রির পাশাপাশি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা করছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি থেকে জেলা শহরের ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অমর একুশে বইমেলা শুরু হয়। জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা আজ বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।
গতকাল মেলায় বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে দুটি বিতর্ক প্রতিযোগিতা হয়। এর মধ্যে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহরোধে কার্যকর ভূমিকা রাখতে’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয়। বিতর্ক শেষে সুর ও তাল নামের একটি সংগঠনের এবং জেলা শিশু একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা ছিল।
গত সোমবার সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি দন্ত চিকিৎসক লিমন ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি দল প্রথম আলো বন্ধুসভার স্টলে রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা শুরু করে। গতকাল মেলার ষষ্ঠ দিনেও এ কার্যক্রম চলে। আজ মেলার শেষ দিনেও বন্ধুসভা রক্তের গ্রুপ পরীক্ষা করবে।
গতকাল বিতর্ক প্রতিযোগিতা থাকায় বিকেল পাঁচটা থেকে প্রথম আলো বন্ধুসভার স্টলে বেশ কয়েকটি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভিড় তুলনামূলকভাবে বেশি ছিল। তাদের অনেকে রক্তের গ্রুপ পরীক্ষা করে। শিক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করে।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি লিমন ভূঁইয়া বলেন, মেডিকেল টেকনোলজিস্ট রিয়াদুজ্জামান রিপন ও জহিরুল ইসলাম স্বেচ্ছা-উদ্যোগী হয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের এ কাজে সহযোগিতা করছেন।
২১ ফেব্রুয়ারি বিকেল পৌনে চারটার দিকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন বইমেলার উদ্বোধন করেন। মেলায় ৩৩টি স্টল রয়েছে। জেলার পাশাপাশি ঢাকার বিজ্ঞান একাডেমি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বিদ্যাপ্রকাশ ও প্রথমা প্রকাশনের বই নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভাও স্টল নিয়ে এতে অংশ নিয়েছে।