চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৫ দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অন্তত দুই শ শিক্ষার্থী স্বাক্ষর দেন। এ কর্মসূচি চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ধীষণ প্রদীপ চাকমা প্রথম আলোকে বলেন, ‘চাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ—তা শিক্ষার্থীদের যুক্তির মাধ্যমে বোঝাতেই এ কর্মসূচি। অন্তত দুই শ শিক্ষার্থী চাকসু নির্বাচন চেয়ে স্বাক্ষর করেছেন। আশা করি শিক্ষার্থীরা চাকসু নির্বাচন নিয়ে সক্রিয় হবেন। কারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চাকসু নির্বাচনের আন্দোলন চালিয়ে যাব।’
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাত কামাল বলেন, ‘চাকসু কার্যকর থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক চর্চা অব্যাহত থাকত। কিন্তু দীর্ঘদিন চাকসু ভবন ক্যানটিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগ্য নেতাও তৈরি হচ্ছে না।’
এর আগে গত মঙ্গলবার অবিলম্বে চাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় ছয়টি দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৬ মার্চ বিক্ষোভ মিছিলসহ ১২ মার্চ ক্যাম্পাসের জয় বাংলা ভাস্কর্যের সামনে কবিতা পাঠের আসর বসবে।