প্রার্থিতা 'ফিরে পাচ্ছেন' আসিফ-বেনজীরসহ পাঁচজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কেন্দ্রীয় সংসদে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তাঁদের পাঁচজন প্রার্থিতা ফিরে পেতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমান ও বামপন্থী দুই জোটের প্যানেলের জিএস প্রার্থী উম্মে হাবিবাসহ আবেদন জানানো পাঁচজনই প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলে জানা গেছে।

ডাকসু নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কর্মকর্তাদের বেশ কয়েকজন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তাঁরা বলেন, তফসিল অনুযায়ী এখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো যাচ্ছে না।

অবশ্য প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী আসিফুর রহমান ও বামপন্থী দুই জোটের প্যানেলের জিএস প্রার্থী উম্মে হাবিবা।

আসিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার ফোন পেয়েছি। তবে প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত নই। আনুষ্ঠানিকভাবে আমাকে এখনো কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে যেহেতু প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেভাবেই আবার বহাল করা হলেই আমি নিশ্চিত হব।’

বামপন্থী দুই জোটের প্যানেলের জিএস প্রার্থী উম্মে হাবিবা বলেন, শুক্রবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ফোন পেয়েছেন। তাঁকে বলা হয়েছে, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা বহাল করা হয়েছে। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

এ ছাড়া প্রার্থিতা ফিরে পাচ্ছেন ছাত্রলীগের প্রাথমিক প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে সদস্যপদে মনোনয়ন পাওয়া ইশাত কাশফিয়া ইলা। তবে ভোটার তালিকায় নাম না থাকায় ইলাকে বাদ দিয়ে অন্য একজনকে সদস্যপদে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ছাত্রলীগ। ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী সাফায়াত হাসনাইন সাবিতও আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পাচ্ছেন।