সেপটিক ট্যাংকে রোহিঙ্গার লাশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আজ শনিবার শফিকুল ইসলাম (২৬) নামের এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প-১-এর আই ব্লকের বাসিন্দা লোকমান হাকিমের ছেলে। নিহত ব্যক্তি রোহিঙ্গা শিবিরের একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আজ দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প-১-এর আমবাগান এলাকার একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থেকে শফিকুল নিখোঁজ। এরপর তাঁর বড় ভাই বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চার রোহিঙ্গা নাগরিককে আটক করে। এর মধ্যে কোরবান আলী ও কেফায়েত উল্লাহ নামের দুজন আদালতে শফিকুলকে হত্যার স্বীকারোক্তি দেন। তবে লাশটি কী করেছেন, তাঁরা তার কিছুই বলেননি। এরপর পুলিশ বিভিন্ন সূত্র ধরে শফিকুলের লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে উখিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।