শামীম ওসমানের সমাবেশে আবার ড্রোন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমাবেশে আবার ড্রোন ওড়ানো হয়েছে। শনিবার বিকেলে নগরের উকিলপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, ইভ টিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্বাধীনতা উদযাপন কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশস্থলে ড্রোন উড়তে দেখা গেছে। এ ছাড়া নগরের চাষাঢ়া আজগর ফিলিং স্টেশনের পাশের ছয়তলা ভবনের ছাদের ওপর থেকেও একটি ড্রোন ওড়ানো হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রশাসনের কেউ ড্রোন ব্যবহার করেনি। ড্রোন ওড়াতে হলে অনুমতি নিতে হয়। কারা সমাবেশস্থলে ড্রোন উড়িয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এর আগে ২০১৭ সালের ১২ আগস্ট নগরের চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে সাংসদ শামীম ওসমানের উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হঠাৎ আকাশ থেকে একটি ড্রোন নিচে শব্দ করে নামতে থাকে। এ সময় লোকজন ড্রোনটিকে বোমা মনে করে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় পদদলিত হয়ে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। সে সময় সাংসদ শামীম ওসমান স্লোগান ধরে লোকজনকে শান্ত করেন। জানা গেছে, সমাবেশস্থলের ফুটেজ ও ছবি ধারণ করার জন্য আয়োজকেরা ড্রোনটি ব্যবহার করেছিলেন। তবে অনেকে বিষয়টি বুঝতে না পারলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।