সংসদে গিয়ে সরকারের সমালোচনা করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নীতি অনুসরণ করছে। এই নীতি থেকে সরে এসে একটি শক্তিশালী দল হিসেবে বিএনপি থাকুক, আমাদের গঠনমূলক সমালোচনা করুক। আমি আহ্বান জানাব, বিএনপি পার্লামেন্টে আসুক।’
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আজ রোববার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যেমন রাজপথে সরকারের সমালোচনা করেছে, সেটা পার্লামেন্টে এসে করুক। আসুন গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি।’ তিনি বলেন, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে গিয়েছে। এর আগেও মেয়র নির্বাচনে গিয়েছে। যখন জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রচণ্ডভাবে প্রত্যাখ্যান করেছে, তখন তারা প্রশ্ন তুলেছে। হেরে গেলে কোনো কোনো দল রেফারিকে ধরার চেষ্টা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সে রকম।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম নির্বাচন কমিশনের গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন তো সরকার গঠন করে দেয়নি, নির্বাচন কমিশন গঠন করার সময় সার্চ কমিটির মাধ্যমে জাতীয় সংলাপের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। বিএনপির প্রস্তাব ছিল, বিএনপি প্রস্তাব থেকে একজন কমিশনার সেখানে আছেন। অথচ আওয়ামী লীগের প্রস্তাব থেকে কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কেউ এই কমিশনে স্থান পাননি। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা।
হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা হয়েছিল আরও ১৫ থেকে ২০ বছর আগে। এই হাঁটুর ব্যথা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এটি কোনো নতুন অসুখ নয়, এরপরও খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। খালেদা জিয়ার পুরোনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান হাছান মাহমুদ।