নালা পরিষ্কারে মাসব্যাপী কর্মসূচি, জলাবদ্ধতার আশঙ্কা মেয়রের

চলতি বছরেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ সোমবার সকালে নগরের নালা-নর্দমা থেকে মাটি উত্তোলনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি। নগরের দেওয়ানবাজার ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু হয়।
মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিটি করপোরেশন নালাগুলো পরিষ্কারের কাজ শুরু করেছে। বাসাবাড়ি থেকে পানি নালায় আসবে। এরপর যাবে খালে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকলে পানি যাবে কোথায়। নগরের জলাবদ্ধতা সমস্যা থেকে যাবে। এর থেকে উত্তরণের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার কাজ করে যাচ্ছে করপোরেশন।
নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, এসব প্রকল্পের আশানুরূপ কাজ হয়নি। জলাবদ্ধতা নিরসনে এই সপ্তাহেই সিটি করপোরেশন, সিডিএ ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে তিন পক্ষের বৈঠকের আয়োজন করবে করপোরেশন।
এবার জরুরি ভিত্তিতে নগরের ৪১টি ওয়ার্ডের নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই কার্যক্রমে পরিচ্ছন্নতা বিভাগের ২৫০ কর্মী নিয়োজিত আছেন। প্রথম দিন পাঁচটি ওয়ার্ড থেকে ২১৫ টন মাটি উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ ও আনজুমান আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী।