রাজশাহীতে বীজ ব্যাংক ও লাইব্রেরির উদ্বোধন
রাজশাহীর তানোরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তালন্দ আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বরেন্দ্র বীজ ব্যাংক ও লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী এর উদ্বোধন করেন। আয়োজকদের দাবি, এটা বাংলাদেশের মধ্যে প্রথম বীজ লাইব্রেরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বীজ ব্যাংকের সভাপতি ও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ, তানোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বারসিকের বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা (কৃষি) অমৃত কুমার সরকার প্রমুখ। স্থানীয় কৃষকসহ তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল।
বীজ লাইব্রেরির উদ্বোধন শেষে বীজ ও আমাদের লোকায়ত কৃষি বিজ্ঞান’ সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীজ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বারসিকের বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম। তিনি বলেন, দেশের কৃষিতে নতুন প্রজন্মের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। ১৯৯১ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, কৃষিতে ২৫-২৯ বছরের তরুণদের অংশগ্রহণ ছিল ৫২ দশমিক ১ শতাংশ, কিন্তু ২০১১ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশ। শহিদুল ইসলাম আরও বলেন, এভাবে কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিতে তরুণদের অংশগ্রহণ কমতে থাকলে তাঁদের মধ্যে একসময় বাস্তবধর্মী কৃষিজ্ঞান, কৃষিকেন্দ্রিক লোকায়ত চর্চার দিকগুলো কমতে থাকবে। এলাকাভিত্তিক জাতগুলো না চেনার কারণে তা হারিয়ে যেতে পারে। নতুনদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বীজ লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
আলোচনা পর্বে প্রধান অতিথি তানোরের ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম বীজ লাইব্রেরি তানোরে প্রতিষ্ঠা পাচ্ছে। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। কৃষি সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এই বীজ লাইব্রেরি অনেক বেশি ভূমিকা পালন করবে।’
আয়োজকেরা জানান, এই বীজ লাইব্রেরিতে বরেন্দ্র অঞ্চলের দেশীয় প্রজাতির ধান, রবিশস্য, সবজির বীজসহ শতাধিক জাতের বীজ ও বীজ–সম্পর্কিত তথ্য প্রদর্শন করা আছে।