টাওয়ারের ভেতর আর কেউ নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা এফ আর টাওয়ারের প্রতিটি ফ্লোর ঘুরে এসেছেন। সেখানে আর কোনো মানুষ নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর বনানীতে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯। ৫০ থেকে ৬০ জন আহত হয়েছিলেন। তাঁদের বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
ভবনটির ১৫ তলা পর্যন্ত অনুমোদন ছিল, কিন্তু সেটা লঙ্ঘন করে ২২ তলা করা হয়েছে, এটা সরকারের ব্যর্থতা কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ভবনের নকশায় কী ছিল, আর কী ছিল না, এই মুহূর্তে মানুষকে উদ্ধার করা বাদ দিয়ে তা দেখার সুযোগ নেই। এটা অবশ্যই তদন্ত কমিটি দেখবে এবং এর সঙ্গে নিয়মের ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ভবন নির্মাণের সময় নির্দেশ মেনে করা হয়েছে কি না তা দেখতে, যারা শর্তাবলি না মেনে ভবন নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৮ বছর আগে একই ভবনে আগুন লেগেছিল এবং ওই আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটিও হয়েছিল কিন্তু কিছুই হয়নি, এবারও সে রকম হবে—এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘৮ বছর আগে কী হয়েছে, না হয়েছে তা বলতে পারব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’