খোদা বকশ মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খোদা বকশ মৃধার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ঢাকার পান্থপথের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির সেমিনার হলে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।
খোদা বকশ মৃধা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের সভাপতি মো. সামসুল ইসলাম খোদা বকশ মৃধার জীবন ও কর্ম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। ফাউন্ডেশনের সহসভাপতি পলাশ খান খোদা বকশ মৃধার স্মৃতিকে ধরে রাখতে সংগঠনটির কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর বড় পর্দায় মৃধার ফুটবল ধারাভাষ্য দেখানো হয়। এরপর একে একে স্মৃতিচারণা করেন ডা. অনুপম হোসাইন, বেতার অফিসার আল আমিন খান, আবু নওশের, সাবেক ভলিবল খেলোয়াড় আবুল কাশেম, ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার, জামিলুর রহমান, তামান্না সিদ্দিকি, মোহাম্মদ কামরুজ্জামান, আমানুল্লাহ সরকার, আনোয়ার কবির প্রমুখ।
আলোচনা সভায় ক্রীড়ানুরাগী, ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াবিদ, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে খোদা বকশ মৃধাসহ প্রয়াত সব ক্রীড়া ভাষ্যকারের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
খোদা বকশ মৃধা ১৯৪৫ সালের ২২ জানুয়ারি রাজশাহীর হেতেমখাঁতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর বেতার ও টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্য দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বেতারের প্রথম শ্রেণির সংবাদ পাঠক ও সংগীতশিল্পীও ছিলেন তিনি। বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সহসভাপতি ছিলেন খোদা বকশ মৃধা। ২০১০ সালের ৩০ মার্চ দেশের খ্যাতনামা ক্রীড়া ভাষ্যকার খোদা বকশ মৃধা মারা যান। প্রেস বিজ্ঞপ্তি