তাসভির গ্রেপ্তার রাজনৈতিক কারণে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে তাসভির–উল ইসলামকে জড়িয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেছেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের চরম ব্যর্থতায় জনমনে যে ধিক্কার উঠেছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তাসভির–উল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। পরে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হলে গতকাল শনিবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির–উল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাসভির–উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। একই মামলায় এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককেও রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মূলত তাসভির–উল ইসলাম ওই ভবনের মালিকও নন, ডেভেলপারও নন। তিনি ভবন নির্মাতা প্রতিষ্ঠান বা বিল্ডার্সের কাছ থেকে ফ্লোর কিনেছেন মাত্র। তিনি কোনোভাবেই দায়ী হতে পারেন না। সম্পূর্ণরূপে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাসভির–উল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু জনগণের কাছে বিএনপিকে দোষী করার জন্য। তিনি বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণে সরকারের গাফিলতি এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মতো সরকারি প্রতিষ্ঠানের দৈন্যদশায় দেশে একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যুতে যে ট্র্যাজেডির সৃষ্টি হচ্ছে, সেটির দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সরকার নির্দোষ সাজতে চাচ্ছে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, যে সরকারের আমলে রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণকাজ হয়, ভবন নির্মাণের পর হেলে যায়, ভবনের টেকনিক্যাল উপযোগিতা যাচাই না করে মানুষের বসবাস ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয় এবং ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুসরণ করা হয় না, সেই সরকারের আমলে মানুষের জীবন যে ঝুঁকিপূর্ণ থাকবে, সেটাই স্বাভাবিক। এগুলোর সম্পূর্ণ দায় সরকারের। এই সরকারের আমলে অন্তত মানুষের নিশ্চিন্তে মৃত্যুর সুযোগ নেই। তিনি আরও বলেন, অপঘাত, দুর্বিপাক, দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যুরই এখন জয়জয়কার। চকবাজারের চুড়িহাট্টা, বনানীর এফ আর টাওয়ার, গতকাল গুলশানের কাঁচাবাজারে আগুনসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানিতে চারদিকে শুধু ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, ‘গণবিচ্ছিন্ন জবাবদিহিহীন আওয়ামী সরকার দেশে সুশাসনের পরিবর্তে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যস্ত বলেই জনস্বার্থের বিষয়টি সব সময় তাচ্ছিল্য করছে। ফলে নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই মানুষের অকালমৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী করে তুলছে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার জন্যই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টার শিকার কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির–উল ইসলাম।’ তিনি তাসভির–উল ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাসভিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।