স্বর্ণপদকপ্রাপ্ত প্রার্থী 'অপহরণ', তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার দিন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাওয়া প্রার্থী এমদাদুল হককে ‘অপহরণের’ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ। কমিটির দুই সদস্য হলেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী ও মিজানুর রহমান। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হেলাল উদ্দিন আহম্মদ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এমদাদুল হকের ঘটনার তদন্ত করতে এই কমিটি গঠন করা হয়েছে। ওই দিন কী ঘটেছিল, কারা জড়িত ও কেন ঘটাল-এ বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ মার্চ প্রাণিবিদ্যা বিভাগের দুই প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে এমদাদুল হককে ‘অপহরণ’ করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। দিনভর আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। পরে ‘শিবিরকর্মী’ আখ্যা দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় তিনি গত ৩১ মার্চ রোববার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়া একই দিন তিনি পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে লিখিত আবেদন করেন।
এমদাদুল হককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্ররা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘চুজ ফ্রেন্ড উইথ কেয়ারে’র নেতা-কর্মী। এ ঘটনা নিয়ে ১ এপ্রিল প্রথম আলোয় ‘নিয়োগ আটকাতে স্বর্ণপদক পাওয়া প্রার্থীকে অপহরণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন:
নিয়োগ আটকাতে স্বর্ণপদক পাওয়া প্রার্থীকে ‘অপহরণ’