সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে

শিক্ষার্থী আবরাব আহমদকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসের মালিক ননী গোপালকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ছবি: প্রথম আলো
শিক্ষার্থী আবরাব আহমদকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসের মালিক ননী গোপালকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমদকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের ওই বাসটির মালিক ননী গোপাল সরকারকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ননী গোপালের জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যায় রাজধানীর মুগদা এলাকা থেকে সুপ্রভাত পরিবহণের ওই বাসের মালিক ননী গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ননী গোপাল সরকার পুলিশকে জানিয়েছেন, বাসটির রুট পারমিট ছিলো মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে। কিন্তু সেটা গাজীপুর রুটে চলছিল।

গত ১৯ মার্চ রাজধানীর নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমদ নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা আরিফ আহামদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাক্টর ইয়াসির আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম এবং বাসটির মালিককে আসামি করা হয়েছে।