পার্বতীপুর-লালমনিরহাট রুটে ২০ দিন ধরে বন্ধ ডেমু ট্রেন, যাত্রীরা দুর্ভোগে

ডেমু ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা। ছবি: প্রথম আলো
ডেমু ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা। ছবি: প্রথম আলো

পরিবার নিয়ে লালমনিরহাট স্টেশনে পার্বতীপুরগামী ডেমু ট্রেনের অপেক্ষায় বসেছিলেন বিশ্বনাথ রায় (৪০)। কিন্তু পূর্বনির্ধারিত সময় পার হয়ে গেলেও ট্রেন না আসায় স্টেশনমাস্টারের কাছে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্বনাথ বলেন, ‘ডেমু ট্রেন বন্ধ থাকায় আরও দুই ঘণ্টা বসে থেকে অন্য একটি ট্রেনে করে গন্তব্যে যেতে হবে। আবার সড়কপথে গেলে সময় ও খরচ দুটোই বেশি লাগে। এভাবে পরিবার নিয়ে স্টেশনে এতক্ষণ বসে থাকা বিরক্তিকর।’

শুধু বিশ্বনাথ নন, পার্বতীপুর-লালমনিরহাট রুটের ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন আরও অনেক যাত্রী। গত ২০ দিন ধরে এই রুটের নির্ধারিত ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার স্টেশনে গিয়ে অনেক যাত্রীকে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। ট্রেন বন্ধ থাকার বিষয়টি জানা না থাকায় অনেক যাত্রীই স্টেশনে এসে দুর্ভোগে পড়ছেন।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সদর দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন পার্বতীপুর-লালমনিরহাট ও লালমনিরহাট-পার্বতীপুর রুটে ডেমু ট্রেন চলাচল করে আসছিল। কিন্তু ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন ও বগির মধ্যকার সংযোগকারী ‘কাপলিং’-এর যান্ত্রিক ত্রুটির কারণে গত ২২ মার্চ থেকে ট্রেনটি বন্ধ রয়েছে। পার্বতীপুর লোকো শেড মেরামত কারখানায় ট্রেনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর-রংপুর-লালমনিরহাট রুটে ডেমু ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শিগগিরই ডেমু ট্রেনটি চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শফিকুর রহমান।