দেশের অগ্রযাত্রায় কনসালদের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কনস্যুলার কর্প অফ বাংলাদেশ (সিসিবি)। ছবি: প্রথম আলো
পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কনস্যুলার কর্প অফ বাংলাদেশ (সিসিবি)। ছবি: প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার স্বার্থে বিভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী দেশগুলোর পাশাপাশি বিভিন্ন দেশের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সাম্মানিক কনসালদের সহযোগিতা চেয়েছেন।

বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে রাজধানীর একটি হোটেলে কনস্যুলার কর্প অফ বাংলাদেশ (সিসিবি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

আবদুল মোমেন বলেন, ‘উন্নয়নের জন্য শক্তিশালী অঙ্গীকার প্রয়োজন। বর্তমান সরকারের সেই অঙ্গীকার রয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে সরকার যেসব লক্ষ্য ঠিক করেছে, তা অর্জনের জন্য উন্নয়ন সহযোগীদের পাশাপাশি আমরা আপনাদের পাশে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। এটা মানবতার একটি উদাহরণ। আমরা মানবিক রাষ্ট্র হতে চাই। সবার ওপরে মানুষ—এটাই আমরা লালন করতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার কূটনৈতিক মিশনের ডিন ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচারি, সিসিবির সভাপতি কে এম মুজিবুল হক, মহাসচিব শামস মাহমুদ, ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালসের পরিচালক ও চিলির সম্মানিত কনসাল আসিফ এ চৌধুরী।