ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ভাইয়ের, চিকিৎসাধীন আরেক ভাই

রাজধানীর মগবাজের ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহীরা আপন দুই ভাই। 

জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টায় মগবাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ছোট ভাই সাবিল হোসেন রিফাত (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন বড় ভাই মো. রিয়াজ (৩০)। নিহত রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকফুর রহমান। পরে দিবাগত রাত সোয়া একটায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁরা দুজনই শান্তিনগর এলাকার গুলবাগের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য সিফাতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


খবর পেয়ে রিয়াজ ও রিফাতের বাবা সেলিম হোসেন ঢাকা মেডিকেলে আসেন।