স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, তরুণ পলাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। আর অভিযুক্ত তরুণ পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে ওই স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তাঁর বাবা ও মা বাড়ির পাশে একটি খেতে কাজ করতে যান। এ সময় মো. রাজু (২১) নামের এক তরুণ বাড়িতে ঢুকে সিগারেট জ্বালানোর জন্য ওই ছাত্রীর কাছে গ্যাসলাইট চান। ওই ছাত্রী গ্যাসলাইট আনার জন্য ঘরে ঢুকলে তার পেছনে পেছনে রাজুও ঘরে ঢোকেন। বাড়ি ফাঁকা পেয়ে ছাত্রীর মুখ চেপে ধরে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন তিনি। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে তাঁর বাবা-মা দৌড়ে এলে রাজু পালিয়ে যান।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সালিসের প্রস্তাব দেন রাজু। এতে রাজিও হন ওই ছাত্রীর বাবা-মা। তবে সালিসের নামে কালক্ষেপণ শুরু করেন তাঁরা। বিচার না পেয়ে সোমবার রাতে অভিযুক্ত রাজুকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্ত রাজু পলাতক।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ বলেন, ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।