বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠনতন্ত্র মোতাবেক শিগগিরই জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করে দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে দ্রততম সময়ের মধ্যে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলা কমিটি পুনর্গঠনে গত ২ এপ্রিল কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বগুড়ায় আসে। এরপর ২৫ এপ্রিল ঢাকার নয়াপল্টন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বগুড়ার জ্যেষ্ঠ নেতাদের ডেকে নেওয়া হয়। সেখানে ১০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনে তারেক রহমানের নির্দেশ জানিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সমঝোতার ভিত্তিতে ১০ দিনের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এই কমিটি তিন মাসের মধ্যে তৃণমূল থেকে শুরু করে জেলা কমিটির সম্মেলন সফলভাবে সম্পন্ন করবে। কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক জেলা সম্মেলনে কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না। কেন্দ্রীয় নেতাদের এই নির্দেশনার বিরোধিতা করে তাঁদের সঙ্গে অশোভন আচরণে জড়িয়ে পড়ায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম–সমর্থিত দুই নেতার পদ স্থগিত করা হয়। এর প্রতিবাদে সাইফুল সমর্থকেরা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাড়াও দলের সাবেক সাংসদ জি এম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর থেকেই জেলার নেতারা দুই ভাগে বিভক্ত।
গত সোমবার বগুড়া জেলা বিএনপির একাংশ সাধারণ সভা ডেকে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে যুগ্ম আহ্বায়ক করে ৪৫ সদস্যের কমিটির ঘোষণা দেয়। একই দিন সাইফুলবিরোধীরা সংবাদ সম্মেলন করে চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমানকে আহ্বায়ক এবং আরও চারজনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়ায় বিএনপির সর্বশেষ কমিটি হয় ২০১২ সালে। সম্মেলন ছাড়া ওই সময় সাইফুলকে সভাপতি এবং জয়নালকে সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত এ–সংক্রান্ত কেন্দ্রের কোনো চিঠি হাতে পাইনি।’