বাঁশখালীতে 'বন্দুকযুদ্ধে' নিহত এক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাব ৭ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলেমান বাহাদুর (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলছে, গতকাল শনিবার রাত ১১টার দিকে জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় সোলেমান নিহত হন। সোলেমানের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন এবং ডাকাতিসহ সাতটির বেশি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

সোলেমান বাহাদুরের বাড়ি ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ এর মিডিয়া কর্মকর্তা মাসকুর রহমান বলেন, বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের হায়দরি ঘোনা এলাকায় অস্ত্র উদ্ধারের সময় র‍্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় সোলেমান বাহাদুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, নিহত সোলেমান বাহাদুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ বেশ কয়েকটি মামলা ছিল। আজ রোববার সকাল সাতটার দিকে তাঁর লাশ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।