'চাঁদাবাজি কমলে মাংসের দাম কমে আসবে'

গাবতলী পশুহাটের চাঁদাবাজি বন্ধ করা গেলে গরুর মাংসের দাম কিছুটা হলেও কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসির মেয়র বলেন, ঢাকা শহরের কাঁচাবাজারগুলোতে মাংস বিক্রির জন্য অধিকাংশ গরু গাবতলী পশুহাট থেকে কেনা হয়। এই হাটে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ আছে। এই চাঁদাবাজি কমলে গরুর মাংসের দাম অনেকটাই কমে আসবে। চাঁদাবাজির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম নিয়ে অনেকের অভিযোগ আছে। কিন্তু জনবলের সীমাবদ্ধতার কারণে নিয়মিত কাঁচাবাজার পর্যবেক্ষণ করতে পারছে না ডিএসসিসি। তাই আগামী এক সপ্তাহের মধ্যে ডিএসসিসি এলাকার ২১টি কাঁচাবাজারে ডিজিটাল মূল্যতালিকা বোর্ড স্থাপন করা হবে। তখন নগর ভবনে বসেই এটা পর্যবেক্ষণ করা যাবে।
মেয়র মাংসের দোকানি, ক্রেতাদের সঙ্গেও দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ে কথা বলেন। কাঁচাবাজার পরিদর্শনের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেশি দামে মাংস বিক্রি করায় জরিমানা
রমজান মাসে বাজার পরিস্থিতি দেখতে গতকাল মোহাম্মদপুরের টাউন হল মার্কেট পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় বাজারে দোকানের সামনে টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাজার পরিদর্শনকালে মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্যতালিকা দৃশ্যমান কি না, তা পর্যবেক্ষণ করেন।
এ সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসান, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার উপস্থিত ছিলেন।
টাউন হল মার্কেটের পেছনে ফুটপাত ও রাস্তা দখল করে চালানো ব্যবসা বন্ধ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মেয়র।