ভেড়ামারায় বজ্রপাতে চাচি ও ভাতিজার মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রামে বজ্রপাতে এক পরিবারের দুই সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ওই দুই ব্যক্তি ঝড়ের মধ্যে আম কুড়াতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত রুমি খাতুন ও রাতুল সম্পর্কে চাচি–ভাতিজা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। রাতুল স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ রাতে প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, রাতে ঝড় হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি নামে। ওই ঝড়ে মধ্যে বাড়ির সামনের গাছ থেকে পড়া আম কুড়াতে যান রুমি ও রাতুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুজনের লাশ পরিবারের কাছেই আছে বলে জানান তিনি।