শাহজাদপুরে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

আদালত
আদালত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা করেছেন। ওই অর্থ দিতে ব্যর্থ হলে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার দরগার চর গ্রামের তোতা, আলহাজ, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল হামিদ।

মামলার নথি থেকে জানা যায়, শাহজাদপুর উপজেলার এক গৃহবধূ (২৫) ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাবার বাড়িতে ঘরের চাবি আনতে যাচ্ছিলেন। এ সময় ওই আসামিদের দুজন তাঁদের পথ রোধ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর স্বামীকে মারধর ও বেঁধে রেখে তাঁকে গণধর্ষণ করেন। ওই রাতেই আসামিদের মধ্যে তোতা ও আলহাজকে এলাকাবাসী আটক করে পুলিশে দেন। পরে গৃহবধূ নিজে বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। ওই মামলায় এলাকাবাসীর সহায়তায় বাকিদের গ্রেপ্তার করে পুলিশ।


রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল হামিদ ও সহকারী কৌঁসুলি আনোয়ার পারভেজ। অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হায়দার।