সরিষাবাড়ীতে বিএনপি-ছাত্রদলের ২ নেতা হামলায় আহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুই ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারে রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছে স্থানীয় বিএনপি।

দুর্বৃত্তদের হামলায় অহত দুজন হলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অলক কুমার পাল এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল আলিম।

উপজেলা বিএনপির অভিযোগ, রাত পৌনে নয়টায় দুর্বৃত্তরা শিমলাবাজারে অলক কুমার পালকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পর শহরের শিমলাবাজারের পাটকলের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন আবদুল আলিম। তিনি পাটকলের সামনে তাঁর বড় ভাই নুরুল ইসলামের মনিহারি দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত আলিমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। পরে পথচারীরা গুরুতর আহত ছাত্রদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার বলেন, ছাত্রলীগের ছেলেরা আবদুল আলিমকে পিটিয়েছে। আলিমের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এ ঘটনায় মামলা করা হবে।

এ অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।