ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

অনিয়মের অভিযোগ পেয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ অভিযান চালানো হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যান করার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় মর্মে দুদকে অভিযোগ আসে। অভিযোগ পেয়ে সংস্থার একটি এনফোর্সমেন্ট দল সেখানে অভিযান চালায়।
দুদকের দলটি সরেজমিনে দেখতে পায়, এক্স-রে করানোর ক্ষেত্রে রসিদের অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ছাড়া এমআরআই এবং সিটি স্ক্যান করানোর ক্ষেত্রে রসিদ ছাড়াই টাকা নেওয়া হয়। হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা এ অনিয়মের সঙ্গে জড়িত বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।
এসব অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযুক্ত আনসার সদস্যদের অবিলম্বে বদলি করা হবে। এ ছাড়া যেসব সেবার মূল্য তালিকা নেই, সেগুলো অবিলম্বে টাঙিয়ে দেওয়া হবে বলে দুদক দলকে আশ্বাস দেন তিনি।