বন্ধ হলো কিশোরীর বিয়ে, বাবাকে জরিমানা

সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামে গতকাল মঙ্গলবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।

গতকাল ওই কিশোরীর সঙ্গে রায়গঞ্জ উপজেলার কল্যাণীবাড়ী গ্রামের মো. মোজাহার আলীর ছেলে মো. রুবেল হোসেনের (২৫) বিয়ের আয়োজন চলছিল। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ওই বাড়িতে যান ম্যাজিস্ট্রেট। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি কৌশলে পালিয়ে যান।

মো. আনিসুর রহমান মেয়ের অভিভাবকদের বাল্যবিবাহ বন্ধ করতে বলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়েটির বাবা সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।