চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ২ শিক্ষক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্র আবির হোসাইন (১১) হত্যা মামলায় পুলিশ কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. তামেনিদারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজনকে আজ শনিবার আলমডাঙ্গার আমলি আদালতে সোপর্দ করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুব হাসান সংশ্লিষ্ট আদালতে আবেদন করেছেন।
মোহতামিম মো. আবু হানিফকে গতকাল শুক্রবার বিকেলে এবং সহকারী শিক্ষক মো. তামেনিদারিকে আজ সকালে আলমডাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হোসাইন গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। পরের দিন বুধবার সকালে মাদ্রাসার পেছনের আমবাগান থেকে পুলিশ তার মাথাকাটা লাশ উদ্ধার করে। পরের দিন বৃহস্পতিবার মাদ্রাসাসংলগ্ন পুকুর থেকে আবিরের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে।
আবির হত্যার ঘটনায় তার মা কমেলা খাতুন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই দিনই মাদ্রাসার মোহতামিম আবু হানিফসহ পাঁচ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সেই থেকে তাঁরা পুলিশ হেফাজতে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুব হোসেন আজ দুই আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের কথাবার্তা অসংলগ্ন বলে মনে হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া হবে।